মৃত সভ্যতার রেচন
- মাহফুজ ইসলাম সাকিব
হে শকুন, তোমায় আজ স্মরণ-বরণ করছি।
তুমি কি শুনছ মূক কবির আকুতি?
হে শকুন, খেয়ে নাও আমার মস্তিষ্ক।
মানবযন্ত্রণা আর নেওয়া যাচ্ছে না।
হে শকুন, তুমি তো অতীতের পরিবেশ-পরিচ্ছন্নতাকর্মী,
নিশ্চিহ্ন করতে মৃত সব।
কোথায় তুমি? হলে বিলুপ্ত? কোথায় তোমার অস্তিত্ব?
এ সমাজ আজ ধ্বংস, মৃত।
মানবসভ্যতা অস্তিত্বের চিন্তায়,
মানবিকতার অবক্ষয়ের দুর্গন্ধে চারপাশ ভরে গেছে।
হে শকুন, তুমি ফিরে এসো ফিনিক্সের আগুনের পাখায় চড়ে।
এসো তুমি নজরুলের রণ-তূর্যের গর্জনে।
এসো তুমি—হয় চেঙ্গিস খানের দুর্বার অশ্বারোহীর পদধ্বনি হয়ে,
নয়তো বখতিয়ারের অশ্বারোহীর ধ্বংসলীলা হয়ে।
মৃত বাঙালির সংস্কৃতি, পোশাকে ভিনদেশি।
মানবতার অবক্ষয়ের পরিণতি—তারই সহোদর।
ধর্ষণ, খুন—দিন হতে দিন,
রাত পোহানোর সময় কই?
চারদিকে লাশের স্তূপ—
কোথায় খুঁজবে মা?
হে শকুন, কোথায় তুমি? এসো।
তোমার অসুর-রূপে ধ্বংস হোক সমাজের সকল অন্যায়।
মিথ্যার মুখোশ ছিন্ন হোক,
জেগে উঠুক মানুষের বিবেক,
আর সত্যের আলোয় পুনর্জন্ম নিক মানবতা।
২১-০৭-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।